একাদশে ভর্তি

১২ ঘণ্টায় সাড়ে তিন লাখ আবেদন

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০০:০০

ইত্তেফাক রিপোর্ট

গতকাল রবিবার থেকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়েছে। সকাল ৭ থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মাত্র ১২ ঘণ্টায় সাধারণ কলেজগুলোতে রেকর্ডসংখ্যক ৩ লাখ ৬৮ হাজার ৬০৪ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। একই সময়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে মাত্র ১২ হাজার আবেদন পড়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সাংবাদিকদের বলেন, গত পাঁচ বছরের মধ্যে এবারই প্রথম দিনে বিপুলসংখ্যক আবেদন জমা পড়েছে। এছাড়া এবার আমাদের পেমেন্ট অপারেটর বাড়িয়ে সাতটি করা হয়েছে। এতে সহজেই আবেদন ফি জমা দিতে পারছে শিক্ষার্থীরা। এছাড়া সমস্যায় পড়লে হেল্পলাইনে যোগাযোগের সুযোগ রয়েছে শিক্ষার্থীদের।

জানা যায়, ইন্টারনেটের ধীরগতির কারণে গতকাল সকালে অনলাইনে আবেদন জমা দিতে কিছুটা সমস্যায় পড়ে শিক্ষার্থীরা। পরে অবশ্য সেই সমস্যা কেটে যায়। প্রথম ১২ ঘণ্টায় ঢাকা বোর্ডে আবেদন জমা পড়েছে ১ লাখ ৩ হাজার ৮০৪টি।

সাধারণ কলেজে ভর্তির জন্য www xiclassadmission gov bd এবং কারিগরিতে ভর্তির জন্য www btebadmission gov bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। সাধারণ কলেজে প্রথম পর্যায়ে ২০ আগস্ট পর্যন্ত, দ্বিতীয় পর্যায়ে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত এবং তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ চলবে ৭ ও ৮ সেপ্টেম্বর।