ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরো বাড়ল

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০০:০২

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশসহ ১৬টি দেশ থেকে ইতালিতে প্রবেশের চলমান নিষেধাজ্ঞা আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গত শনিবার ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে এ সংক্রান্ত নতুন একটি অধ্যাদেশে স্বাক্ষর করেছেন। যা ইতিমধ্যে কার্যকর হয়েছে। বলা হচ্ছে, গত কয়েক দিন যাবত্ ইতালিতে করোনা ভাইরাস সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। করোনা পরিস্থিতির ওপর বিশেষ নজর রেখে ইতালি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ থেকে ইতালি ভ্রমণে প্রথমে নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ৭ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত। পরে তা বাড়িয়ে ৩১ জুলাই করা হয়। তৃতীয় দফায় বাংলাদেশ থেকে ইতালি ভ্রমণে ৩১ আগস্ট পর্যন্ত সময় নির্ধারণ করলেও গত সপ্তাহে তা কমিয়ে ১০ আগস্ট চূড়ান্ত করে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন অথোরিটি। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন সিদ্ধান্ত এসেছে।