ইত্তেফাক রিপোর্ট
গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, টেকনাফে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের হত্যাকাণ্ডের ঘটনা কি ওসি প্রদীপের ঘটনা? না এর সঙ্গে অন্য কেউ যুক্ত আছে? এটা পরিষ্কারভাবে পরীক্ষা করা দরকার। এর জন্য স্বাধীন কমিশন গঠন করে তদন্ত করতে হবে। গতকাল রবিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত ‘খরাকালে পোড়াও, বর্ষাকালে ভাসাও’ বাংলাদেশের ক্ষেত্রে ভারত এ নীতিতে চলার প্রতিবাদ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যের সমালোচনা করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভারতের সঙ্গে যে রক্তের সম্পর্ক, তা দূষিত রক্ত। এ রক্ত দিয়ে কি হবে? পরিচ্ছন্ন রক্ত দরকার। তাদের সজ্জন হওয়া দরকার।
সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, অপরিকল্পিত উন্নয়নের নামে বন্যার সৃষ্টি করা হচ্ছে। সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা পরিকল্পিত উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক বলেন, এর পেছনে কুশীলবেরা রয়েছেন।
