করোনাকালীন অনিশ্চয়তায় ধান উত্পাদন বৃদ্ধি অব্যাহত রাখার বিকল্প নেই —কৃষিমন্ত্রী

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০১:১৫

গাজীপুর প্রতিনিধি

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, কোভিড-১৯ কালীন চরম অনিশ্চয়তার মধ্যে ধান উত্পাদন বৃদ্ধির ধারা অব্যাহত রাখার বিকল্প নেই। আমাদের দেশের খাদ্য নিরাপত্তা ধাননির্ভর, সেজন্য দেশের বিভিন্ন স্থানের বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণ, বাজার পর্যালোচনা, আপত্কালীন সংকটের আশঙ্কা এবং চালের রাজনৈতিক স্পর্শকাতর দিকসহ সার্বিক পরিস্থিতি বিচার-বিবেচনার পরই চাল আমদানির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কৃষিমন্ত্রী রবিবার দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আয়োজিত ‘কোভিড-১৯ যুগে খাদ্য নিরাপত্তা : বাংলাদেশ কি অদূর ভবিষ্যতে খাদ্য সংকটে পড়ছে?’ শীর্ষক ওয়েবিনারভিত্তিক জাতীয় সেমিনারে এ অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর।

অনলাইন মিটিং প্ল্যাটফরম জুমে আয়োজিত এ সেমিনারের উদ্দেশ্য ছিল কোভিড-১৯ কালীন খাদ্য নিরাপত্তা পরিস্থিতি, ধানের উত্পাদন ও বাজারজাতকরণে গৃহীত পদক্ষেপ পর্যালোচনা এবং উত্পাদন বৃদ্ধিতে করণীয় নির্ধারণ করা।

ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী। এতে বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সভাপতিত্ব করেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. লুত্ফুল হাসান, খাদ্য সচিব ড. মোছাম্মত্ নাজমানারা খানুম প্রমুখ।