শোক দিবস পালনে প্রথমবারের মতো কর্মসূচি দিল জাপা

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০১:১৫

ইত্তেফাক রিপোর্ট

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী এবার দলীয়ভাবে পালন করবে জাতীয় পার্টি (জাপা)। এ উপলক্ষ্যে ১৫ আগস্ট রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলের পক্ষ থেকে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। গতকাল রবিবার জাপার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়েছে। জাপার পক্ষ থেকে জানানো হয়, ১৫ আগস্ট বেলা ১১টায় বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ের মিলনায়তনে বিশেষ আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাপার চেয়ারম্যান জি এম কাদের, বিশেষ অতিথি থাকবেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। দুপুর সাড়ে ১২টায় মিলাদ-মাহফিল ও দোয়া-মোনাজাত হবে।