ইত্তেফাক ডেস্ক
আত্মনির্ভর ভারত গড়তে ১০১টি প্রতিরক্ষাসামগ্রী আমদানি নিষিদ্ধ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গতকাল এ তথ্য জানিয়েছেন। কামান থেকে জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র, হাল্কা যুদ্ধবিমান থেকে স্বয়ংক্রিয় রাইফেল, অনেক কিছুই রয়েছে এই তালিকায়! খবর আনন্দবাজার পত্রিকার।
রাজনাথ সিং টুইট করেন, ২০২০ সাল থেকে ২০২৪ সালের মধ্যে পর্যায়ক্রমে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। তিনি জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে যে সমর সরঞ্জামগুলো আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে তার মধ্যে স্থলসেনা ও বিমান বাহিনীর জন্য প্রস্তাবিত ১ লাখ ৩০ হাজার কোটি রুপির উপকরণ রয়েছে। নৌবাহিনীর উপকরণের আনুমানিক পরিমাণ ১ লাখ ৪০ হাজার কোটি রুপি। এবার দেশীয় সংস্থাগুলো তা উত্পাদন করবে। চলতি বছরই ঘরোয়া প্রতিরক্ষা উত্পাদনে ব্যয় করা হবে ৫২ হাজার কোটি রুপি।
আগামী ছয়-সাত বছর ধরে দেশীয় প্রযুক্তিতে প্রতিরক্ষা সরঞ্জাম উত্পাদনের লক্ষ্যে ৪ লাখ কোটি রুপি বিনিয়োগ করা হবে বলে রাজনাথের দাবি। তিনি জানিয়েছেন, সশস্ত্র বাহিনীর তিন শাখার জন্য ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২০ মধ্যে অস্ত্র ও সরঞ্জাম সরবরাহের প্রায় ২৬০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। যার মোট অঙ্ক প্রায় সাড়ে ৩ লাখ কোটি রুপি। ভবিষ্যতে আরো কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম আমদানি বন্ধ করা হতে পারে বলেও তার ইঙ্গিত। সামরিক উত্পাদনের ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা বজায় রাখার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হবে বলেও প্রতিরক্ষা মন্ত্রীর দাবি।
