ইত্তেফাক ডেস্ক
স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস (৮১) তার ছেলে এবং বর্তমান রাজা ফিলিপের উদ্দেশ্যে ছোট একটি চিঠি লিখে উধাও হয়ে যান। ঐ চিঠিতে তিনি লেখেন, অতীতে আমার ব্যক্তিগত জীবনের কিছু অধ্যায়ের জেরে জনমনে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে তাতে তিনি মনে করছেন দেশত্যাগ এখন তার জন্য সঙ্গত, যাতে তার ছেলে শান্তিতে কাজ করার সুযোগ পান। গত কয়েকদিন ধরে সারা বিশ্বের মিডিয়াতে জল্পনা চলছিল হুয়ান কার্লোস কোথায় পালিয়েছেন?
বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন তথ্য দেয়। যদিও প্রমাণ দেয়নি। তবে শীর্ষ স্প্যানিশ মিডিয়া এনআইইউএস তাদের এক অনুসন্ধানী রিপোর্টে বলছে, রাজা কার্লোস সোমবার ব্যক্তিগত একটি বিমানে করে আবুধাবিতে এসে নামেন এবং সেখানেই আছেন। প্রমাণ হিসেবে তারা ছবিও ছাপিয়েছে। প্যারিস থেকে একটি ব্যক্তিগত বিমান স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ভিগোতে এসে নামে। তারপর সেখানে থেকে সাবেক এই রাজা এবং তার ব্যক্তিগত কয়েকজন সহযোগীকে নিয়ে আবুধাবিতে উড়ে আসে। আবুধাবির আল বাতিন বিমানবন্দর থেকে তাকে হেলিকপ্টারে করে সরকারি মালিকানাধীন বিলাসবহুল এমিরেটস প্যালেস হোটেলে নিয়ে যাওয়া হয়। সেই হোটেলের একটি ফ্লোর জুড়ে সহযোগীদের নিয়ে আছেন পলাতক এ সাবেক রাজা। হুয়ান কার্লোসের সঙ্গে আবুধাবির ক্ষমতাধর যুবরাজ যায়েদ বিন আল নাহিয়ানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। —বিবিসি
