মিরপুরে বিকট শব্দে ‘বোমা’ বিস্ফোরণ

আপডেট : ১০ আগস্ট ২০২০, ০১:১৯

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর মিরপুরে সড়কের পাশে বিকট শব্দে বোমার বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। গতকাল রবিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দ অনেক দূর পর্যন্ত শোনা যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ বলছে, বোমা নয়, ককটেলসদৃশ বস্তু বিস্ফোরিত হয়েছে। কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ। উল্লেখ্য, এর আগে গত ২৯ জুলাই তিন জনকে গ্রেফতার করে পল্লবী থানার পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা ওজন মাপার যন্ত্র থানায় বিস্ফোরিত হয়। এতে চার পুলিশ সদস্যসহ পাঁচ জন আহত হন। ঐ দিন রাতে বিস্ফোরণের দায় স্বীকার করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামি স্টেট (আইএস)। এ ঘটনার পর গত শনিবার মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার, পল্লবী থানার ওসিসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়।

গতকাল রাতের বিস্ফোরণের ব্যাপারে মিরপুর মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মিরপুর-২-এর এফ ব্লকে রাস্তার পাশে একটি বিস্ফোরণ হয়েছে। তবে বড় ধরনের কিছু নয়। জর্দার কৌটায় বানানো ককটেল ফাটিয়ে কেউ আতঙ্ক সৃষ্টি করতে এ ঘটনা ঘটাতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।