সিংড়ায় আওয়ামী লীগ নেতার পা কর্তনে মামলা দায়ের

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৯:২৩

নাটোরের সিংড়ায় বামিহাল বাজারে প্রকাশ্য দিবালোকে আওয়ামী লীগ নেতা মোর্শেদুল ইসলামের পা কেটে নেওয়ার একদিন পেরিয়ে গেলেও ওই কর্তনকৃত পা উদ্ধার বা ঘটনার সঙ্গে জড়িত কাউকেও আটক করতে পারেনি পুলিশ। এদিকে ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। বামিহাল বাজারসহ আশেপাশের এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তবে পুলিশ বলছে অভিযুক্তদের গ্রেফতার করতে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে পুলিশ। আর ওই এলাকার সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে সার্বক্ষণিক রয়েছে পুলিশি টহল।

সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার সকাল ১০টায় নাটোরের সিংড়া উপজেলার বামিহাল বাজারে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোর্শেদুল ইসলামের এক পা নেয় ও আরেক পা ভেঙে দেয় প্রতিপক্ষ আফজাল গ্রুপের লোকজন। এরপর থেকে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

এদিকে আহত মোর্শেদুল ইসলাম প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় রবিবার রাতেই তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিকস ও পূণর্বাসন হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে আহত মুর্শেদুল ইসলামের চাচা আবদুস সাত্তার বাদী হয়ে আফজাল হোসেনসহ ১০জনের নামে সিংড়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ৫ থেকে ৬জনকে।

উল্লেখ্য, বিগত কয়েক বছরে ওই এলাকায় উভয় গ্রুপের দ্বন্দ্বে কয়েকটি হত্যাসহ ১০/১২জন পঙ্গু ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুনঃ টুঙ্গিপাড়া আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম আর নেই

সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, 'আসামিদের ধরতে এলাকায় সাঁড়াশি অভিযান চলছে। পাশাপাশি পুলিশি টহল অব্যাহত রয়েছে।'

ইত্তেফাক/নূহু