দৃষ্টির সীমানা পেরিয়ে..

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২০:২৯

অসংখ্য মন খারাপের খবরের বছর এটি। একদিকে যেমন মহামারি, অন্যদিকে দেশের অনেক গুণী শিল্পীর বিদায়ের বছর ২০২০। সম্প্রতি বিদায় নিলেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ আলাউদ্দিন আলী। তার চলে যাওয়ায় শোক প্রকাশ করেছেন সবাই। বলেছেন মানুষটির সঙ্গে নিজেদের অভিজ্ঞতার কথা। সেগুলো কিছু কথা নিয়ে সাজানো হয়েছে এই লেখা—

প্রাণ ভরানো সুর দিয়ে তিনি বেঁচে থাকবেন আজীবন:রুনা লায়লা

আরেকজন গুণী সংগীত পরিচালক আলাউদ্দিন আলী স্বর্গের পথে যাত্রা করলেন। তার চলে যাওয়া আমাদের সংগীতাঙ্গনের জন্য অনেক বড় ক্ষতি। তার তৈরি সুন্দর এবং প্রাণ ভরানো সুর দিয়ে তিনি বেঁচে থাকবেন আজীবন। আলাউদ্দিন আলীর সঙ্গে অসংখ্যবার কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। সৃষ্টিকর্তার কাছে তার বিদ্রোহী আত্মার শান্তি কামনা করি এবং তাকে জান্নাতের সবচেয়ে সেরা স্থান দান করুক সেই প্রার্থনা করি।

 

এটা সত্যিই জাতির এক বড় ক্ষতি:নকীব খান

শুনে অত্যন্ত অবাক হয়ে গেলাম, আমাদের প্রিয় কিংবদন্তী সংগীত রচয়িতা শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী ভাই আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। আল্লাহ তাকে জান্নাত দান করুন, আমিন। শোকাহত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। এটা সত্যিই জাতির এক বড় ক্ষতি।

 

তার মৃত্যু নেই, তিনি অমর:ফকির আলমগীর

এই অনন্য সৃজনশীল সুরকারের সুরে আমি গেয়েছি। প্রায় সমবয়সী এই মানুষটি মতিঝিল কলোনিতে বড় হয়েছে এক সময় খিলগাঁয়ে বাড়ি করেছিলেন এভাবে তার সঙ্গে আমার অনেক সখ্যতা, অনেক ভালোবাসা, অনেক স্মৃতি। সংগীতের সুর আয়োজনে তার আধুনিকতা এদেশের দর্শক শ্রোতা বহুকাল মনে রাখবে। তার মৃত্যু নেই, তিনি অমর যেখানেই থাকুক ভালো থাকুক, আমিন।

আর হলো না, দেখা হলো না আমাদের:মোহাম্মদ রফিকউজ্জামান

কিছুদিন আগেও ফোনে কথা বললো। কত আশা ছিল আবার আমার সঙ্গে কাজ করবে। মনে সাহস রাখার কথা বারবার বললাম। ফোন ধরেই কেঁদে উঠতো আলাউদ্দিন আলী। বলতো, ‘কতদিন আপনারে দেখি না।’ আমি জোর দিয়ে বলতাম, ‘দেখা হবে।’ আর হলো না, দেখা হলো না আমাদের। অলক্ষ্যেই নিভে গেলো সংগীতের মহাবিশাল নক্ষত্র আলাউদ্দিন আলী।

 

আমরা সব অভিভাবক হারিয়ে ফেলছি

:কনক চাঁপা

বাংলাদেশের সুর সম্রাট শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী ভাই না ফেরার দেশে চলে গেলেন! কাছের মানুষগুলো দিনদিন এভাবেই চলে যাচ্ছে। আমরা সব অভিভাবক হারিয়ে ফেলছি! আল্লাহ ওনাকে বেহেশত নসীব করুন।

 

তিনি রেখে গেছেন বাংলা ভাষায় অমর কিছু গান:আসিফ আকবর

তিনি নিজেই ছিলেন একটি ইতিহাস। রেখে গেছেন হাজারো ইতিহাস। আমার ছোট্ট জীবনে দেখা সবচেয়ে বড় মাপের সংগীতজ্ঞ। সুরের যে জাদু তিনি ছড়িয়েছেন তা আজীবন শ্রোতাদের মাতাবে। বাংলাদেশকে ঋণী করেই চিরপ্রস্থানের পথে যাত্রা শুরু করলেন। তিনি রেখে গেছেন বাংলা ভাষায় অমর কিছু গান। আলী চাচার আত্মার মাগফিরাত কামনা করি।