গরুসহ এক চোর আটক

প্রাইভেটকারে গরু চুরির চেষ্টা!

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২২:১৩

বরিশালের উজিরপুরে গরু চুরি করে প্রাইভেটকারযোগে পালানোর সময় আন্তঃজেলা চোরচক্রের সদস্য মিজানুর রহমান হাওলাদারকে (৩৭) গরুসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় উজিরপুর থানায় একটি চুরির মামলা হয়েছে। আটক মিজানুর রহমান হাওলাদার ঝালকাঠির রাজাপুর উপজেলার মৃত আবদুল মান্নানের ছেলে। উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানান, গতকাল সোমবার ভোরে উজিরপুরের জয়শ্রী এলাকার ওমর আলীর গরু চুরি করে প্রাইভেটকারযোগে পালিয়ে যাচ্ছিল মিজানুর ও তার দুই সহযোগী। প্রাইভেটকারটি বরিশাল-ঢাকা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় গাড়িতে গরু দেখে উজিরপুর থানা পুলিশের একটি টহল দলের সন্দেহ হয়। পুলিশের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার সময় ট্রাক দিয়ে সড়কে ব্যারিকেড দিয়ে গাড়িটি থামানো হয়। এ সময় দুই সহযোগী পালিয়ে গেলেও মিজানুরকে আটক করে পুলিশ। প্রাইভেটকারের ভেতর থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া গরু। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর এ পর্যন্ত ১২টি গরু চুরির কথা স্বীকার করে। এ ঘটনায় মিজানুর রহমান ও তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা হয়েছে। পলাতক ঐ দুই চোরকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি জিয়াউল।