ধসে গেছে মেলান্দহের উরমা সেতু!

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২২:১৩

জামালপুরের মেলান্দহের উরমা ব্রিজটি বন্যার পানিতে ধসে গেছে। এলজিইডির অর্থায়নে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু এটির তেমন ব্যবহার হয়নি। প্রত্যাশা ছিল এই ব্রিজের মাধ্যমে নাংলা ও মাহমুদপুর ইউনিয়নসহ মাদারগঞ্জের একাংশের মানুষের চলাচলের দুর্ভোগ লাগব হবে। ব্রিজের দুই পাশে শুধু এপ্রোচ রোড না দেওয়ায় ব্রিজটি মানুষের কোনো কাজে আসেনি। তবে স্থানীয়রা বাঁশের খুঁটির সাহায্যে কিছুদিন ব্রিজের ওপর দিয়ে শুধু পায়ে হেঁটে চলাচল করেছেন। বেশ কিছুদিন আগে এক বন্যায় এই উরমা ব্রিজের একটু পূর্বে নলকুড়ি-চারাইলদার এলাকার আরেকটি ব্রিজের দুই পাশের মাটি সরে যাওয়ায় এই রাস্তায় চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্থানীয়দের মধ্যে বিল্লাল উদ্দিন (৪৩) জানান, অনেক বছর ধরে ঝুলে থাকার পর ৬ আগস্ট সন্ধ্যার দিকে চলতি বন্যার পানিতে ব্রিজটি ধসে যায়। অল্পের জন্য আমার ছেলে ব্রিজের নিচে পড়ে মারা যায়নি।

স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী দুটি ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে ব্রিজের এপ্রোচ সড়ক আর করা হয়নি। নিভৃত গ্রাম হওয়ার কারণে প্রশাসনেরও তেমন নজরদারি ছিল না। ফলে এই উরমা ব্রিজের পাশ থেকে অবাধে ড্রেজার মেশিন দিয়ে মাটি তোলা হয়েছে। এতে ব্রিজটি আরো হুমকির মুখে পড়ে যায়। মাটি তোলার বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছিল বলে দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ ব্যাপারে নবাগত উপজেলা প্রকৌশলী মো. মাজেদুর রহমান জানান, এ রকম জনগুরুত্বপূর্ণ পাঁচ/ছয়টি ব্রিজের পুনঃনির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। আগের ধাঁচে কাজ করার কোনো সুযোগ থাকবে না বলে তিনি উল্লেখ করেন।