সাভার পৌরসভার প্রাণকেন্দ্র ৯ নম্বর ওয়ার্ডের গেন্ডা সড়কটির বেহাল অবস্থা। দীর্ঘ ২০ বছরেও এর সংস্কার কাজ হয়নি। ফলে পুরো অংশই খানাখন্দে ভরে গেছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। এছাড়া সড়কে বাসাবাড়ির স্যুয়ারেজ লাইনের ময়লা-আবর্জনা ফেলায় সড়কের পরিবেশ হয়েছে বিষময়।
গেন্ডা বাসস্ট্যান্ড হয়ে গেন্ডামুখী সড়কে সড়কে বড় বড় গর্ত থাকায় অনেক সময় রিকশাসহ বিভিন্ন যানবাহন উলটে পড়ে যায়। এ সত্ত্বেও জীবনের ঝুঁকি ও চরম দুর্ভোগ সহ্য করে প্রতিদিন হাজার হাজার মানুষ এ সড়কে চলাচল করতে বাধ্য হচ্ছে। এছাড়া গেন্ডায় কাঁচামালের পাইকারি বাজার থাকায় সাধাপুর, চাকুলিয়া, নিকরাইল, কাজীপাড়া, গোপেরবাড়ী এলাকা থেকে প্রতিদিন বিভিন্ন কাঁচামাল ও সবজি বাজারে আনে কৃষকরা। সড়কে দুরবস্থার কারণে বাজারে মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে কৃষক ও ব্যবসায়ীদের মারাত্মক সমস্যায় পড়তে হচ্ছে। সড়ক ভাঙা ও চলাচলের অনুপযোগী হওয়ায় গাড়িচালকরা এ সড়ক দিয়ে যাতায়াত করতে চায় না।
এলাকাবাসীর পক্ষ থেকে দীর্ঘদিন সড়কটি সংস্কার করার জন্য বলা হলেও পৌর কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে উদাসীন। অথচ এ এলাকায়ই পৌরভবন অবস্থিত। পৌরভবনের পেছন দিক দিয়েই আবাসিক এলাকার এ সড়কটির অবস্থান। সড়কটি ভাঙাচোরা ও খানাখন্দে ভরা থাকায় আশপাশের বিভিন্ন লিংক রোডের ময়লা-আবর্জনা মিশ্রিত পচা পানিতে সড়ক সয়লাব হয়ে যায়। আর এই সুযোগকে কাজে লাগিয়ে পার্শ্ববর্তী বাড়ির মালিকরা তাদের সেপটিক ট্যাংকের ময়লা-আবর্জনা ছেড়ে দিচ্ছে সড়কে । এ ময়লা-আবর্জনা মিশ্রিত পানি মাড়িয়েই এলাকাবাসী যাতায়াত করতে বাধ্য হচ্ছে। এ ব্যাপারে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আয়নাল হক গেদু এলাকার সড়কের দুরবস্থার কথা স্বীকার করে বলেন, সড়কটি এলজিইডিয়ের মাধ্যমে টেন্ডার হয়েছে। শিগিগরই সংস্কার কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে।
