ডিসেম্বরের মধ্যে দক্ষিণ সিটিকে তারের জঞ্জালমুক্ত করা হবে : তাপস

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২২:২৭

আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিকে তারের জঞ্জালমুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেqর ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। গতকাল সোমবার ঢাকা মহানগর মহিলা কলেজে গভর্নিং বডির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএসসিসি মেয়র  এসব কথা বলেন।

মেয়র বলেন, প্রশাসনিক সংস্কারের মাধ্যমে সব ধরনের আবর্জনাসহ তারের আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে সব তার অপসারণ করব। সেটা কোনো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের হোক বা কোনো সরকারি সংস্থার হোক। সেজন্য কার্যক্রম চলমান আছে, চলমান থাকবে। এ ব্যাপারে শৈথিল্যের কোনো সুযোগ নেই। আমাদের লক্ষ্য আগামী ডিসেম্বরের মধ্যেই তারের জঞ্জালমুক্ত ঢাকা নগরী ঢাকাবাসীকে উপহার দেওয়া। তিনি জানান, এরই মাঝে সড়ক ও উন্মুক্ত স্থান  থেকে বর্জ্য অপসারণের কার্যক্রম চালু করা হয়েছে।  ঢাকাবাসী এরই মাঝে সেই কার্যক্রমের সুফল পেতে শুরু করেছে। একই সঙ্গে তিনি দিনেরবেলায় সড়কে বা  উন্মুক্ত স্থানে বর্জ্য না ফেলার আহ্বান জানান।