মনসুর আলী মেডিক্যাল কলেজ

প্রকল্প পরিচালকসহ দুই জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২২:২৯

ইত্তেফাক রিপোর্ট

সিরাজগঞ্জের শহিদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও ৫০০ শয্যা হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. কৃষ্ণ কুমার পালসহ দুই জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামি হলেন মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির মালিক মো. জাহের উদ্দিন সরকার।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অসত্ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন নিয়েছেন। পিপিএ ২০০৬, পিপিআর ২০০৮ লঙ্ঘন করে উন্মুক্ত দরপত্র পদ্ধতির পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের আড়ালে মেসার্স বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানির মালিক মো. জাহের উদ্দিন সরকারের মালিকানাধীন ফারভেন্ট কোম্পানি লিমিটেড হংকং থেকে মেডিক্যাল যন্ত্রপাতি ক্রয় বা সরবরাহের নামে ১৩২ কোটি ৫০ লাখ ৪ হাজার ১৪৭ টাকার ফান্ড ট্রান্সফার করেছে এবং কার্যাদেশ ও এলসির নির্ধারিত সময় বা মেয়াদ অতিবাহিত হলেও স্পেসিফিকেশন অনুযায়ী কোনো মেডিক্যাল যন্ত্রপাতি বুঝিয়ে দেয়নি। তা সত্ত্বেও কেবল জাহাজীকরণ দলিলের মাধ্যমে ট্রান্সফারকৃত ঐ ফান্ড থেকে ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত ৭০টি মেডিক্যাল আইটেমের কার্যাদেশ মূল্য ৩৭ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৬৪৬ টাকার ৮০ শতাংশ, অর্থাত্ ৩০ কোটি ৩ লাখ ৫৪ হাজার ৯১৬ টাকা ফারভেন্ট কোম্পানি লিমিটেডের সিটি ব্যাংক হংকং লিমিটেডের অ্যাকাউন্ট নম্বর ২৫০৩৯০৮৬৭৪৯১৫৩-এর অনুকূলে পরিশোধ বা প্রেরণ করেছে।