পুলিশ সদর দপ্তরকে পিপিই দিল যুক্তরাষ্ট্র দূতাবাস

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২২:৩০

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় পুলিশ সদর দপ্তরকে সুরক্ষা সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তার অংশ হিসেবে মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার ও তার দল কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশার কাছে গতকাল সোমবার এই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে ধারাবাহিক পিপিই বিতরণ পরিকল্পনার ষষ্ঠ উদ্যোগ এটি। মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব সরঞ্জামের মধ্যে রয়েছে কাপড়ের তৈরি ১০ হাজার পুনর্ব্যবহারযোগ্য মাস্ক, বিপজ্জনক পদার্থ ব্যবস্থাপনায় ব্যবহূত ২০০ পূর্ণাঙ্গ হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল স্যুট, ৫০টি কেএন৯৫ সার্জিক্যাল মাস্ক, ৬৬০ বোতল ২০০ মিলি হ্যান্ড স্যানিটাইজার, ১১ হাজার জোড়া সার্জিক্যাল গ্লাভস, ২৫ কেজি ব্লিচিং পাউডার, দুটি জীবাণুনাশক স্প্রেয়ার, ১০০টি মুখমণ্ডল সুরক্ষার শিল্ড এবং ১০টি ইনফ্রারেড থার্মোমিটার। এর সবই বাংলাদেশি বিভিন্ন কোম্পানির কাছ থেকে স্থানীয়ভাবে ক্রয় করা হয়েছে।

বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার ডিপার্টমেন্ট অব স্টেট, ডিফেন্স অ্যান্ড এগ্রিকালচার; ইউএসএআইডি এবং সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ৫ কোটি ৬৫ লাখ ডলারের অধিক সহায়তা প্রদান করেছে।