ইত্তেফাক রিপোর্ট
আগের দিন ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উত্থান হলেও গতকাল পতনে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। টানা ১১ কার্যদিবস উত্থানের পর পতন হয়েছে। ডিএসইতে সূচকের সঙ্গে লেনদেন এবং বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে ডিএসইতে গতকাল লেনদেন হাজার কোটি টাকার ওপরে হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।
গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩৩ দশমিক ০৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫ দশমিক ৬০ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৭৯ পয়েন্ট এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ২ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৬৩ দশমিক ৯০, ১৫৪৪ দশমিক ১৩ এবং ৯০০ দশমিক ৪২ পয়েন্টে।
ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ৪৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। ডিএসইতে গতকাল ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১১টির বা ৩১ দশমিক ৩৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২১৭টির বা ৬০ দশমিক ৪৫ শতাংশের এবং ২৬টি বা ৭ দশমিক ৩৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৮৯ দশমিক ৪৪ পয়েন্টে।
