সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে তলব করেছে মার্কিন আদালত। শনিবার তাকে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার আদালতে তলব করা হয়। সৌদি আরবের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তার মামলায় যুবরাজকে তলবের খবর পাওয়া গেল। খবর আলজাজিরার
সৌদি যুবরাজ ছাড়াও আরো ১২ সৌদি কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার আদালত সমন জারি করেছে। এতে বলা হয়েছে, আদালতের সমন জারির জবাব দিতে ব্যর্থ হলে অবধারিতভাবেই অভিযোগের ব্যাপারে রায় দেওয়া হবে।
যুক্তরাষ্ট্রের আদালতে দায়ের করা নথিপত্রে উল্লেখ করা হয়, তুরস্কে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পরপরই সাদ আল-জাবরিকে হত্যার পরিকল্পনাটি করা হয়। জাবরি সৌদি আরব সরকারের একজন অভিজ্ঞ সাবেক কর্মকর্তা। নির্বাসিত হওয়ার পর গত তিন বছর ধরে কানাডায় আছেন তিনি। আদালতের নথিপত্রের হিসাবে, টরেন্টো পিয়ারসন বিমানবন্দর দিয়ে হত্যাকারীরা কানাডা প্রবেশ করার সময় কানাডিয়ান সীমান্ত রক্ষীদের সন্দেহ হয় এবং তাদের বাধা দেয়। এতে হত্যার পরিকল্পনা ব্যর্থ হয়। ১০৬ পৃষ্ঠার অভিযোগে বলা হয়, বিন সালমান সম্পর্কে এত অপমানজনক, সংবেদনশীল এবং ভয়াবহ তথ্য ড. সাদ আল জাবরির স্মৃতি এবং মস্তিষ্কের চেয়ে বেশি আর কোথাও সম্ভবত রক্ষিত নেই। যে কারণে অভিযুক্ত বিন সালমান জাবরিকে মৃত দেখতে চান এবং গত তিন বছর ধরে সেই লক্ষ্য অর্জনের চেষ্টা করছেন। জাবরিকে দেশে ফেরাতে দুর্নীতির অভিযোগ এনে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশও জারি করেছিল সৌদি আরব। কিন্তু পরবর্তীতে সমালোচনার মুখে রেড নোটিশ প্রত্যাহার করেছিল ইন্টারপোল।
