জি কে শামীম সংশ্লিষ্টতা

সিলভেন রিসোর্টের এমডির সম্পদের হিসাব চেয়ে নোটিশ

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২৩:০৭

ক্যাসিনোর সঙ্গে জড়িত থেকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের ধারাবাহিকতায় জি কে শামীমের মালিকানাধীন প্রতিষ্ঠান সিলভেন ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ ছয় পরিচালকের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের পাঠানো এক নোটিশ আদেশে তাদের আগামী ২১ কার্যদিবসের মধ্যে কমিশনে সম্পদ বিবরণী দাখিল করেত বলা হয়েছে। যাদের বিরুদ্ধে নোটিশ (আদেশ) ইস্যু করা হয়েছে তারা হলেন—সিলভেন ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন মন্টু, একই প্রতিষ্ঠানের পরিচালক জামিল উদ্দিন শুভ, জাওয়াদ উদ্দীন আবরার, জিয়া উদ্দীন আবির, মিনারুল আলম চাকলাদার, ফজলুল করিম চৌধুরী স্বপন এবং এস এইচ মোহাম্মদ মোহসীন।

দুদক থেকে পাঠানো নোটিশে তাদের এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে ও বেনামে অর্জিত সব স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়দেনা, আয়ের উত্স ও তা অর্জনের বিস্তারিত বিবরণী নির্ধারিত ছকে এ আদেশ পাওয়ার ২১ কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে দুদক আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েক জন প্রভাবশালী গ্রেফতার হন। এরই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর থেকে ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা হয়। শুদ্ধি অভিযান শুরুর পর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ পর্যন্ত ২০টি মামলা দায়ের করে দুদক।