শিপ্রার পর জামিন পেলেন সিফাতও

আপডেট : ১০ আগস্ট ২০২০, ২৩:১১

পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের সঙ্গী স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদুল ইসলাম সিফাত জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল সোমবার বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত সিফাতের জামিন মঞ্জুর করেন। জামিনের কপি কারাগারে পৌঁছার পর দুপুর ২টার দিকে তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ।

কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালত সিফাতের মামলা দুইটি বিবাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের ভার র্যাবকে দিয়েছে। এর আগে উক্ত ঘটনায় রবিবার সিনহার অপর সফরসঙ্গী স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী শিপ্রা রানী দেবনাথ জামিনে কারাগার থেকে মুক্তি               পেয়েছেন।আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা জানান, সিনহা হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহেদুল ইসলাম রিফাতকে আদালত জামিন দিয়েছেন। রবিবার সিফাতের জামিন আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার শুনানি শেষে সিফাতকে জামিন দেওয়া হয়।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় হত্যা ও মাদক আইনে এবং রামু থানায় মাদক আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে। এ মামলায় রাশেদ খানের সঙ্গে থাকা শাহেদুল ইসলাম সিফাত ও শিপ্রা রানী দেবনাথকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করে পুলিশ।