বলপূর্বক দখলকৃত ফিলিস্তিনের জেরুজালেম নগরীকে ইসরাইল নিজের রাজধানী দাবি করলেও আন্তর্জাতিক আইনে তা বৈধ নয়। ফলে জেরুজালেম ইসরাইলের রাজধানী নয়। এমন মত দিয়েছেন ইতালির একটি আদালত। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক অনুষ্ঠানকে কেন্দ্র করে এ রায় দেন রোম কোর্ট হিসেবে পরিচিত ট্রাইব্যুনাল ডি রোমা। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
প্রতিবেদনে বলা হয়, ফ্লাভিও ইনসিন্না নামের ইতালির জনপ্রিয় একজন টেলিভিশন উপস্থাপকের অনুষ্ঠানে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছিল। বিষয়টি নিয়ে দেশটির দুটি সংগঠন আদালতের শরণাপন্ন হয়। তাদের আবেদনের ভিত্তিতেই এ বিষয়ে অভিমত জানান বিচারক। রায়ে আদালত বলেছেন, ঐ অনুষ্ঠানের পরবর্তী পর্বে এটা উল্লেখ করতে হবে যে, ‘আন্তর্জাতিক আইনে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি।’
মিডল ইস্ট মনিটর জানিয়েছে, টেলিভিশনের ঐ অনুষ্ঠানটি ছিল গত ২১ মে তারিখের। সেখানে একজন প্রতিযোগীর কাছে ইসরাইলের রাজধানীর নাম জানতে চাওয়া হয়। উত্তরে তিনি ‘তেল আবিব’ বললে তার উত্তরকে ভুল হিসেবে বিবেচনা করা হয়। বলা হয়, সঠিক উত্তর হবে ‘জেরুজালেম’। ইতালির পররাষ্ট্র নীতি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বিষয়টি নিয়ে দেশটিতে বিতর্কের সূত্রপাত হয়। ঐ বিতর্ক শেষ পর্যন্ত আদালতে গড়ায়।
