করোনার মধ্যেও রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে ১৫ হাজার ইয়াবা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে গোয়েন্দা বিভাগ উত্তরা জোনাল টিম বিজয়নগর এলাকার এমএল হোটেলে অভিযান চালিয়ে ১৫ হাজার ২০০ ইয়াবাসহ শাহরিয়া আলম ওরফে মো. শাকিল খান ওরফে হারুন (২৬), মেহেদী হাসান ওরফে মো. সাজ্জাদ হোসেন (৩০), মো. ফরহাদ (৩৫) ও মো লালচান মিয়াকে (৩০) গ্রেফতার করে।
ডিবির অতিরিক্ত উপ-কমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, তাদের কাছে গোপন সংবাদ ছিল যে, কতিপয় মাদক ব্যবসায়ী রাজধানীর বিজয়নগর এলাকার এমএল হোটেল টাওয়ারে একটি রুমে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৯টার দিকে ১৮০৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে ১৫ হাজার ২০০ পিস ইয়াবা ও ২ লাখ টাকাসহ চার জনকে গ্রেফতার করা হয়।
