মেরিন ড্রাইভের টেকনাফে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বলে প্রচারণাকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন ইলিয়াস কোবরা। সোমবার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সিনহা হত্যায় জড়িত সন্দেহে অভিনেতা ইলিয়াস কোবরাকে নিয়ে গণমাধ্যম ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ করার পর এ সংবাদ সম্মেলন করেন অভিনেতা ইলিয়াস কোবরা।
সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ঐ ঘটনার সঙ্গে তিনি জড়িত নয়। এমনকি সিনহার সঙ্গে পরিচয় এবং ওসি প্রদীপের সঙ্গে তার কোনো ঘনিষ্ঠতা ছিল না।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, টেকনাফের নোয়াখালিয়াপাড়ায় তার কোনো বাগান বাড়ি নেই। মানহানি ও অপপ্রচারের অভিযোগে তিনি একটি জাতীয় পত্রিকা ও রিপোর্টারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে উল্লেখ করেন।
