ফুলবাড়ীতে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২১:২৯

ফুলবাড়ীতে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে প্রশাসনের নির্দেশ মানছেন না এলাকাবাসী। ফলে দিন দিন বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা, বাড়ছে মানুষের মধ্যে উদ্বেগ। 

স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, উপজেলায় প্রথম ১৪ এপ্রিল এক পোশক শ্রমিক করোনা সনাক্ত হন। তার সংস্পর্শে হাসপাতালের ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হন। গত পাঁচ মাসে উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ জন, মারা গেছেন একজন এবং সুস্থ হয়েছে  ২৮ জন। বর্তমানে ১৪ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে একজন হাসপাতালের আইসোলেসনে এবং অন্যরা নিজ বাড়িতে আইসোলেসনে থেকে চিকিৎসা নিচ্ছেন। উপজেলায় এখন পর্যন্ত ৪৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।  

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শামসুন্নাহার জানান, আমরা বার বার হাসপাতালের পক্ষ থেকে সকলকে স্বাস্থ্য বিধি মানার জন্য পরামর্শ দিচ্ছি। উপসর্গ দেখা দিলে সেই সব রোগীর করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে। 

উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, স্বাস্থ্য বিধি মেনে চলতে উপজেলায় মাইকিং, লিফলেট, মাস্ক বিনামূল্যে বিতারণ অব্যাহত আছে। রাত ৮টার পর কোনো হাট-বাজার খোলা রাখলে ব্যবসায়ীদের মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা করা হবে। 

ইত্তেফাক/এসি