তাইজুল যেন ভেট্টোরি!

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২১:৩৬

সাব্বির খান, বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ম্যানেজার। হাল সময়ে তার এই পরিচয়টা সর্বজনবিদিত। দীর্ঘাকায় এই সাবেক ক্রিকেটার মূলত অফস্পিনার ছিলেন। জাতীয় দলে না খেললেও ঘরোয়া ক্রিকেটে ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে ২১৩ উইকেট নিয়েছেন। লিস্ট-এ ম্যাচ খেলেছেন ৫১টি।

বিসিবিতে প্রায় এক দশকের চাকরি জীবনে অনেকবারই হয়তো নিজের ক্রিকেট অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন সাব্বির খান। গতকাল রীতিমতো কোচের ভূমিকায় দেখা গেল সাবেক এই ক্রিকেটারকে। বিসিবি একাডেমি মাঠে ভরদুপুরে তাইজুল ইসলামের বোলিং সেশন জুড়েই সঙ্গে থাকলেন তিনি। সেশনটা পরিচালনা করেছেন বললেও খুব অত্যুক্তি হবে না।

একাডেমি মাঠের মধ্যের উইকেটে গুডলেন্থ অঞ্চলে দুইটি স্টাম্প রাখা হয়েছিল। এই দুই স্টাম্পের মধ্যেই ক্রমাগত বল ফেলার চেষ্টা করেছেন তাইজুল। প্রায় প্রত্যেক বলের পরই সাব্বির খানের সঙ্গে কথা বলতে দেখা গেছে বাঁহাতি এই স্পিনারকে। মাঝে মধ্যে ভিডিও ধারণ করে তাইজুলকে দেখিয়েছেন সাব্বির খান। আবার কখনো ব্যাটসম্যান হয়ে শ্যাডো করে দেখিয়েছেন যে, এই বলটা ব্যাকফুটে গিয়ে কাট খেলবে ব্যাটসম্যান। কয়েকবার স্টাম্পও ভেঙেছেন তাইজুল।

করোনার মধ্যেই ব্যক্তিগত অনুশীলনে গতকাল বেশ লম্বা সময় বোলিং করেছেন তাইজুল। সম্প্রতি তার বোলিং অ্যাকশনে কিছুটা পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে। অনেকটা ড্যানিয়েল ভেট্টোরির অ্যাকশনের আদলে বোলিং করছেন তিনি। বল ছাড়ার সময় হাত আগের চেয়ে মাথার কাছে থাকছে এবং হাত বেশ সোজা থাকছে। বাংলাদেশের স্পিন কোচ ভেট্টোরির প্রভাবটা বেশ লক্ষণীয় তাইজুলের বোলিংয়ে।

দেশের বাইরে, ঘাসের উইকেটে সাফল্য পেতে অ্যাকশনে এমন পরিবর্তন আনার কথা আগেই জানিয়েছিলেন তাইজুল। পরিবর্তিত অ্যাকশনে বোলিং অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি।

করোনাকালে জাতীয় দলের বিদেশি কোচরা নেই। বিসিবির স্থানীয় কোচরাও নেই। ক্রিকেটাররা একাকী অনুশীলন করছেন। অগত্যা তাইজুলকে সহযোগিতা করতে মাঠে নেমে পড়তে হলো বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ম্যানজারকে। 

সাব্বির খানের সঙ্গে তাইজুলের বোলিং সেশনটা কিছুক্ষণ দেখেছেন জাতীয় দলের দুই নির্বাচকও। সকালে এসেই গোটা মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। মূল মাঠে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের সঙ্গে কথা বলেছেন তারা। পরে ইনডোরে সৌম্যর ব্যাটিং দেখেছেন। শেষ দিকে একাডেমি মাঠ ঘুরে নিজেদের রুমে ফিরে গেছেন।

জানতে চাইলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল বলেছেন, ‘এটা তেমন কিছু না। আমরা গিয়েছি ওরা কীভাবে অনুশীলন করছে এটা দেখতে। পুরো মাঠই দেখেছি। স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনের সুযোগ-সুবিধা, সার্বিক ব্যবস্থা দেখলাম। এখন সবাই ব্যক্তিগত কাজ করছে। ট্রেনাররা সঙ্গে আছে।’

সূচি অনুযায়ী গতকাল মিরপুরে মাহমুদউল্লাহ, মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, আফিফ হোসেন, তাইজুলরা অনুশীলন করেছেন। নারী ক্রিকেটারদের মধ্যে জাহানারা আলম, লতা মন্ডলরাও অনুশীলনে ঘাম ঝরিয়েছেন।