ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে তীরে এসে তরি ডোবার আক্ষেপে এখনো পুড়ছে পাকিস্তান দল। তবে, দ্রুতই আক্ষেপ ভুলে নতুন করে শুরু করার তাড়না দিলেন কোচ ও নির্বাচক মিসবাহ উল হক।
ম্যানচেস্টার টেস্টের পুরোটা সময় ম্যাচটা পাকিস্তানের দিকেই হেলে ছিল। তবে, চতুর্থ দিনে জশ বাটলার আর ক্রিস ওকসের অতিমানবীয় এক জুটি ম্যাচ থেকে ছিটকে ফেলে পাকিস্তানকে। ফলে, তিন উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়তে পারে ইংল্যান্ড দল। ফলে, তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় জো রুটের দল।
আজ বাদে কাল থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। পাকিস্তানের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। সাউদাম্পটনের সেই টেস্টকে সামনে রেখে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ের কথা জানালেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ উল হক। তিনি বলেন, ‘ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের পর সমর্থকদের মতো আমরাও খুবই হতাশ। তবে এটিই ক্রিকেট, এখানে এমন হতেই পারে। জয় আর পরাজয়ের মধ্যে খুব সামান্য ব্যবধান ছিল। আর হেরে গেলে নিজেকে দোষ দেওয়া সহজ, আবার পরাজয়ের কারণ খোঁজাও মুশকিল। অবশ্যই হতাশা আছে, তবে তা মাথায় রাখা যাবে না, অন্যথায় ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যাবে। দলের বিশ্বাস আছে, আমরা ঘুরে দাঁড়াতে পারব।’ ক্রিকেটীয় বিবেচনায় ম্যাচটা ছিল সত্যিই অসাধারণ। একদম শেষ মুহূর্ত অবধি হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। মিসবাহ বলেন, ‘রোমাঞ্চকর একটি টেস্ট ম্যাচ ছিল এটি। ইংল্যান্ড যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে কৃতিত্ব তাদের দিতেই হবে। পাকিস্তান ও ইংল্যান্ড—দুই দলই দুর্দান্ত ক্রিকেট খেলেছে। কখনো কখনো ভাগ্য পাশে থাকে না, কখনো কখনো প্রতিপক্ষ ভালো খেলে; এটাই খেলাটির সৌন্দর্য। তবে, আমাদের এখন ম্যানচেস্টার নিয়ে পড়ে থাকলে চলবে না। আমাদের সামনে তাকাতে হবে। সিরিজে আমাদের সুযোগ এখনো শেষ হয়ে যায়নি।’
