অনলাইন বিশ্ব দাবা অলিম্পিয়াডের ডিভিশন-২ এ বাংলাদেশ পুল এ-তে অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্ব দাবা সংস্থা ফিদে ডিভিশন ২ এর ৫০ দলকে পাঁচটি পুলে ভাগ করে। বাংলাদেশর সঙ্গী ফিলিপাইন, ইন্দোনেশিয়া, জার্মানি, বেলারুশ, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, বুলগেরিয়া, তুর্কমেনিস্তান ও কিরগিজিস্তান। আগামী ১৪ থেকে ১৬ আগস্ট বাংলাদেশের গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ১০টি দেশ পুল ‘এ’ তে অংশ নিচ্ছে এবং শীর্ষস্থান প্রাপ্ত তিনটি দল টপ ডিভিশনে উঠবে। বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাংলাদেশ দলের দাবাড়ুরা হলেন : গ্রান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, শারমীন সুলতানা শিরিন, ফাহাদ রহমান, ওয়ালিজা, তৈয়বুর রহমান, নাজরানা খান ইভা, সামিহা শারমীন সিম্মী, তাহসিন তাজওয়ার জিয়া ও নোশিন আঞ্জুম। দলের অধিনায়ক শোয়েব রিয়াজ আলম, অতিরিক্ত অধিনায়ক আবু সুফিয়ান শাকিল।
