নতুন মৌসুমকে সামনে রেখে চলতি সপ্তাহ থেকেই অনুশীলনে ফিরছে আর্জেন্টাইন সুপারলিগার দলগুলো। তার আগে করোনা ভাইরাস পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গুরুতরভাবে আক্রান্ত হওয়ার শঙ্কা থাকায় দিয়েগো ম্যারাডোনাকে অনুশীলনে না আশার পরামর্শ দিয়েছে আর্জেন্টাইন দল জিমন্যাসিয়া লা প্লাতা। দলটির ডাক্তার পাবলো দেল কম্পার বলেন, ‘ম্যারাডোনা ঝুঁকিপূর্ণ গ্রুপটাতে আছে। তার ওজন বেশি, উচ্চ রক্তচাপের সমস্যা আছে, সম্প্রতিই তার একটা অস্ত্রোপচার হয়েছে আর তার বয়সও ৬০। আর তাই প্রথম পর্যায়ে তাকে অনুশীলনে না আসার পরামর্শ দিয়েছি আমরা।’ ১৯৯৭ সালে খেলোয়াড়ি জীবন শেষ করার পর থেকেই রোগের সঙ্গে সখ্যতা তার। ২০০৪ সালে হূদরোগ আর শ্বাসকষ্টের কারণে বেশ কিছুদিন হাসপাতালে কাটিয়েছিলেন তিনি।
