জলঢাকায় ভেঙে পড়া ব্রিজের ওপর বাঁশের সাঁকো দিয়ে জনদুর্ভোগ দূর করল স্থানীয় যুবকেরা। উপজেলার কাকরা চৌপুতি থেকে গোলমুণ্ডা ইউনিয়ন পরিষদ সংযোগ সড়কের লাঙ্গলপাড়া এলাকায় ব্রিজ ভেঙে এক সপ্তাহ বিচ্ছিন্ন ছিল যোগাযোগ ব্যবস্থা।
ফিরিজুল ইসলাম, মোকছেদুর রহমান ও স্বপন জানান, ঈদের আগের দিন ভুট্টা বোঝাই একটি ট্রাক যাওয়ার সময় ব্রিজ ভেঙে ট্রাকটিও গর্তে পড়ে যায়। সপ্তাহখানেক যানবাহন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগের শেষ ছিল না। পরে তারাসহ কয়েক জন প্রতিবেশী মিলে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো দিয়ে কোনোরকম চলাচলের ব্যবস্থা করেন।
