মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় বন্যার পানিতে ডুবে ইতি আক্তার (৯) ও মেহেরুন নেছা (১৩) নামে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার গোড়াই ইউনিয়নের রহিমপুর এবং পৌরসভার বাওয়ার কুমারজানি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পৌরসভার কাউন্সিলর মো. শহিদুর রহমান শিপন জানান, ইতি পূর্বপাড়া গ্রামের হেলাল উদ্দিনের বাড়িতে বেড়াতে এসেছিল। সে আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামে মো. বাবুল মিয়ার মেয়ে ও চতুর্থ শ্রেণির ছাত্রী। অপরদিকে মেহেরুন নেছা রহিমপুর গ্রামের মো. ফরহাদ হোসেনের মেয়ে ও গোড়াই উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। মির্জাপুর থানার ডিউটি অফিসার মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পঞ্চগড়ে নদীতে ডুবে শিশুর মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি জানান, জেলার পূর্ব ইসলামপুর এলাকায় মঙ্গলবার করতোয়া নদীতে ডুবে ফজলে রাব্বি (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার পূর্ব ইসলামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম জানান, বিকালে বৃষ্টিতে ভেজার এক পর্যায়ে শিশুটি করতোয়া নদীতে নামে। সেখানে তার মৃত্যু হয়। পঞ্চগড় থানার ওসি আবু আককাছ আহমেদ নদীতে ডুবে এক শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চিরিরবন্দরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, দিনাজপুর জানান, চিরিরবন্দর উপজেলায় পুকুরের পানিতে ডুবে ছোটন রায় (১০) এবং তমাজ রায় (১২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার খোচনা গ্রামে এ ঘটনা ঘটে। ছোটন রায় ঐ গ্রামের মনমোহন রায়ের ছেলে এবং তমাজ রায় একই গ্রামের ধনঞ্জয়ের ছেলে। এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা যায়, দুপুরে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন। চিরিরবন্দর থানার অফিসার্স ইনচাজ (ওসি) সুব্রত কুমার সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
