দেবীগঞ্জে কৃষক-কৃষানি প্রশিক্ষণ
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা দেবীগঞ্জে মঙ্গলবার কৃষক-কৃষানি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) এর অধীন দেবীগঞ্জ প্রজনন বীজ উত্পাদন কেন্দ্র ও মসলা গবেষণা কেন্দ্র, বিএআরআই, শিবগঞ্জ, বগুড়ার উদ্যোগে এবং বাংলাদেশে মসলাজাতীয় ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে বারী পাতা পেঁয়াজ-১ সারা বছর পাতা পেঁয়াজ উত্পাদন কলাকৌশল ও মসলাজাতীয় ফসলের আধুনিক উত্পাদন কলাকৌশল শীর্ষক এই প্রশিক্ষণ দেবীগঞ্জ প্রজনন বীজ উত্পাদন কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত হয়। দেবীগঞ্জ প্রজনন বীজ উত্পাদন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মহিউদ্দীন এতে সভাপতিত্ব করেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট
নওগাঁ প্রতিনিধি নওগাঁর সাপাহারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মিনি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাতাড়ী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে সোমবার সন্ধ্যায় পুনর্ভবা নদী তীরে চূড়ান্ত খেলায় ৩-০ গোলে হাঁড়িপাল ফুটবল দলকে হারিয়ে আদাতলা ফুটবল দল জয়লাভ করে। খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাতাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মাস্টার, পাতাড়ী ইউপি চেয়ারম্যান মুকুল আমিন প্রমুখ।
বিদ্যুতের লোডশেডিংয়ে ভোগান্তির প্রতিবাদে মানববন্ধন
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা বাউফলে পল্লী বিদ্যুতের লোডশেডিং ও লো-ভোল্টেজের প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। উপজেলা পরিষদের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, সমাজসেবক আপেল মাহমুদ ফিরোজ, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাচ্চু, সাংবাদিক ওহিদুজ্জামান ডিউক প্রমুখ।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
তানোর (রাজশাহী) সংবাদদাতা তানোরে সমতল এলাকার ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীর মধ্যে প্রধানমন্ত্রীর উপবৃত্তি, শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে মঙ্গলবার। উপজেলা হলরুমে এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো। এ সময় উপস্থিত ছিলেন মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামেল মার্ডি, ইউপি মেম্বার সমিরণ কিসকু প্রমুখ।
বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরের বিজয়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এবং আত্রাই উপজেলার বান্দাইখাড়া বদ্ধভূমি চত্বরে মঙ্গলবার বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। লাইফ নমিজান আত্তাবী ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা রানি এ অনুষ্ঠানের আয়োজন করে।
নদীভাঙন ও বন্যার্তদের মধ্যে চাল বিতরণ
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালীতে মধুমতি নদীর ভাঙন ও বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করেছে বাংলাদেশ মহিলা পরিষদের মধুখালী সাংগঠনিক জেলা শাখা। মঙ্গলবার উপজেলার কামারখালী ইউনিয়নের ফুলবাড়ীয়া এলাকায় এ চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ করেন ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ মহিলা পরিষদের মধুখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুরাইয়া সালাম। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা।
গফরগাঁওয়ে বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা গফরগাঁও পৌরসভার উদ্যোগে মঙ্গলবার বন্যাকবলিত ২, ৪ ও ৮ নম্বর ওয়ার্ডের ৬০০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পৌর শহরের শিলাসী কড়ইতলা এলাকায় স্বাস্থ্যবিধি বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌরসভায় মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম প্রমুখ।
অসহায় মানুষের মধ্যে সুরক্ষাসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুর মহানগরীতে করোনা ভাইরাস প্রতিরোধে মঙ্গলবার অসহায় মানুষের মধ্যে হাইজিন কিট, হ্যান্ড ওয়াশসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
রংপুরে আলমনগর রবার্টসনগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এরিয়া প্রোগ্রামের পক্ষ থেকে ২৬ নম্বর ওয়ার্ডের রবার্টসনগঞ্জের ৪০ জন অসহায় মানুষের মধ্যে এসব বিতরণ করেন ওয়ার্ল্ড ভিশনের কোভিড-১৯ এমার্জেন্সি রেসপন্স ডিরেক্টর সাগর মারান্ডি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু, মহিলা কাউন্সিলর মনোয়ারা সুলাতান মলি প্রমুখ।
