করোনার প্রভাবে স্থবির হওয়া সবকিছুতে কেমন অগোছালো ভাব, মহাসড়কও তার বাইরে নয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের বিভিন্ন স্থানে গজিয়ে ওঠা লতাগুল্ম অস্বাভাবিক বড় হয়ে চিরচেনা রূপ হারাচ্ছে। এদিকে খেয়ালই নেই সংশ্লিষ্ট বিভাগের। এছাড়া মহাসড়কের ওপর ফেলে রাখা বৈদ্যুতিক খুঁটিগুলোর কারণে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। মহাসড়কটিতে যত্রতত্র গাড়ি পার্কিং, বাস, লেগুনা বা মাইক্রোর অবৈধ স্ট্যান্ড দৃশ্যমান। চলন্ত যানবাহন থেকে ফেলা খাবারের উচ্ছিষ্ট, মহাসড়ক সংলগ্ন দোকানপাট বা ব্যবসাপ্রতিষ্ঠানের ময়লা-আবর্জনা মহাসড়কের আশপাশ ডাস্টবিন করে তুলেছে। বৃষ্টিতে মহাসড়ক থেকে পানি সরে যেতে না পারার এটাও প্রধান কারণ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নতুন সংযোগ টানতে ঠিকাদার বৈদ্যুতিক খুঁটি এনে ফেলে রাখে মহাসড়কের এখানে সেখানে। দেখতে দেখতে চার মাস পেরিয়ে গেছে। লকডাউনে বন্ধ হয়ে যায় নতুন সংযোগ লাইনের কাজ। বৈদ্যুতিক খুঁটিগুলোকে ঘিরে জমছে ময়লা। আর আশপাশ ঘিরে জন্মাচ্ছে লতা-গুল্মসহ আগাছা। পরিশেষে, এই মহাসড়কের সৌন্দর্য ও নিরাপত্তা রক্ষায় নিয়মিত ময়লা অপসারণ ও বৈদ্যুতিক খুঁটিগুলো দ্রুত সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মামশাদ কবীর, কান্দিরপাড়, কুমিল্লা
