আড়াইহাজারে নারী পোশাক শ্রমিককে গণধর্ষণ

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২১:৫৪

আড়াইহাজার উপজেলায় তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিক (২২) গণধর্ষণের শিকার হয়েছেন। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সঙ্গে তিনি অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। এর আগে সোমবার রাতে ভুক্তভোগী নারী পাঁচ জনকে অজ্ঞাত আসামি করে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন।

মামলার বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী সোনারগাঁও উপজেলার কাঁচপুরে একটি গার্মেন্টস কারখানায় কাজ করেন। ৮ আগস্ট সন্ধ্যার পর কাঁচপুরের বাসা থেকে আড়াইহাজার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে রাত সাড়ে ১০টার দিকে আড়াইহাজার কাকাইল মোড়া খেয়াঘাটের সামনে রিকশার জন্য অপেক্ষা করলে অজ্ঞাতনামা চার জন যুবক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দেয়। পরে তাদের সঙ্গে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে চলতে শুরু করলে হঠাত্ তারা কাপড় দিয়ে চোখ ও মুখ বেঁধে পাশের ধান খেতে নিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে। প্রায় দুই ঘণ্টা পর স্থানীয় এক ব্যক্তি ভুক্তভোগী নারীকে উদ্ধার করে তার শ্বশুর বাড়িতে পৌঁছে দেয়। চার ধর্ষক এবং ঐ ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়।

ওসি আরো বলেন, মঙ্গলবার সকালে ঐ নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।