মাতুয়াইলে পুলিশের সহায়তায় বেদখল জমি উদ্ধার

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২১:৫৫

দীর্ঘদিন ধরে ডেমরা থানাধীন মাতুয়াইলের বিভিন্ন পাড়া-মহল্লায় একদল দুর্বৃত্ত চাঁদাবাজিতে লিপ্ত ছিল। এরা জাল দলিল তৈরি করে জমি দখল, চাঁদাবাজি এবং নানা অজুহাতে মানুষকে হয়রানি করত। সম্প্রতি ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতির সদস্যদের জন্য আবাসন প্রকল্পের জন্য কেনা ১৫ কাঠা জমিতে রাতের অন্ধকারে ছাপড়া ঘর তুলে রাখে চক্রটি। তারা কৌশলে এই আবাসন প্রকল্প থেকে চাঁদা দাবি করে। খবর পেয়ে গতকাল মঙ্গলবার আবাসন প্রকল্পের সিনিয়র সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জমিতে একটি ঘর দেখতে পান। পরে বিষয়টি র্যাব ও পুলিশকে জানানো হয়। একপর্যায়ে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে উপস্থিত হলে চাঁদাবাজরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি এলাকার প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার ছেলে মশিউর রহমান মোল্লা সজলকে জানানো হলে তিনি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি এ সময় সাংবাদিকদের বলেন, এ অঞ্চলে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। আমরা এলাকার সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে শান্তিপ্রিয় একটি এলাকা উপহার দিতে চাই। গণমাধ্যমকর্মীরা এলাকায় আবাসন প্রকল্প হাতে নিয়েছে জেনে আমি আনন্দিত ও গর্বিত।’