অর্থ মন্ত্রণালয়ের অগ্রগতি মূল্যায়নে চার বিভাগের সমন্বয় বৈঠক হবে

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২১:৫৮

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশের সামষ্টিক অর্থনীতির গতিধারা অক্ষুণ্ন রাখার জন্য আমাদের নিবিড়ভাবে কাজ করতে হবে। চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেট সফলভাবে বাস্তবায়নের জন্য অভ্যন্তরীণ ও বৈদেশিক সম্পদ ব্যবস্থাপনা এবং দক্ষ ব্যয় ব্যবস্থাপনার প্রতি আমাদের যত্নশীল হতে হবে। আমাদের কাজের অগ্রগতি মূল্যায়ন ও সব প্রকার জটিলতা নির্ধারণে আমরা প্রতি তিন মাস পর পর একটি সমন্বয় বৈঠক করে থাকি। কোভিড-১৯ এর কারণে গত কয়েক মাস আমরা বৈঠক করতে পারিনি। এখন থেকে নিয়মিত প্রতি তিন মাস পর পর এ বৈঠক অনুষ্ঠিত হবে। এখন থেকে একেক সময়ে একেক বিভাগের দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয়ের এ চার বিভাগের সচিবদের সঙ্গে গতকাল মঙ্গলবার দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একটি ভার্চুয়াল সমন্বয় বৈঠক করেন। বৈঠকে অর্থমন্ত্রী এ কথা বলেন। বৈঠকের শুরুতে অর্থমন্ত্রী করোনা মহামারির মধ্যেও ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ২৪ শতাংশ অর্জিত হওয়ায় এবং মাথাপিছু আয় ২ হাজার ৬৪ মার্কিন ডলারে উন্নীত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে তিনি দেশবাসী ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অর্থমন্ত্রী বলেন, কাজ করার গতি যাতে ঠিক থাকে তাই মধ্যে মধ্যে আমরা আমাদের পারফরম্যান্স রিভিউ করব এবং কীভাবে আমাদের মন্ত্রণালয়কে আরো এগিয়ে নিয়ে যেতে পারি সে বিষয়ে খোলামেলা আলাপ-আলোচনা করব। কর্মক্ষেত্রে যদি কোনো জটিলতা তৈরি হয় আলোচনার মাধ্যমে সেগুলো সমাধান করা হবে। ভার্চুয়াল বৈঠকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম জানান, চলতি অর্থবছরের প্রথম মাস অর্থাত্ জুলাই মাসের রাজস্ব আদায়ের হিসাব এখনো চূড়ান্ত করা হয়নি তবে তুলনামূলকভাবে রাজস্ব আদায় কম হয়েছে। কিন্তু এখন যেহেতু আমদানি-রপ্তানি বাড়ছে তাই রাজস্বও বাড়তে শুরু করেছে। বৈঠকে পরবর্তী বাজেট কি রকম হবে, কোন কোন খাতগুলোকে প্রাধান্য দেওয়া হবে সে বিষয়ে এখন থেকে কাজ শুরু করার নির্দেশনা প্রদান করা হয়। সমন্বয় সভার আলোচনার মাধ্যমে সময়ে সময়ে তা আপডেট করতে বলেন অর্থমন্ত্রী।