হংকংয়ের মিডিয়া মোগলকে গ্রেফতারের নিন্দা যুক্তরাষ্ট্রের

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২২:০২

চীনের প্রবর্তিত বিতর্কিত নিরাপত্তা আইনে হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাইকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, এই ঘটনা ইঙ্গিত করে যে, চীন অপ্রত্যাশিতভাবে হংকংয়ের ব্যাপারে তার অবস্থান পরিবর্তন করেছে। কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন পম্পেও।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জিমি লাই একজন দেশপ্রেমিক মানুষ। তিনি হংকংয়ের মানুষের ভালো চাইতেন। মাইক পম্পেও বলেন, আজ সকালে যা দেখেছি (জিমি লাইয়ের গ্রেফতার) সে ব্যাপারে আমি হতাশ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ‘বিদেশি শক্তির সঙ্গে হাত মেলানোর’ অভিযোগে ১০ আগস্ট সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়। ১৫০ বছর ঔপনিবেশিক শাসনে থাকার পর চুক্তির মেয়াদ শেষে ১৯৯৭ সালের ১ জুলাই হংকংকে চীনের কাছে ফেরত দেয় যুক্তরাজ্য। তখন থেকে অঞ্চলটি ‘এক দেশ, দুই নীতি’র আওতায় স্বায়ত্তশাসনের মর্যাদা ভোগ করে আসছে। বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে বিবেচিত হংকংকে ২০৪৭ সাল পর্যন্ত স্বায়ত্তশাসনের নিশ্চয়তা দিয়েছে চীন। তবে গত বছর অঞ্চলটিতে ব্যাপক বিক্ষোভের মুখে সেখানে বিতর্কিত হংকং নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যোগ নেয় বেইজিং। ৩০ জুন সর্বসম্মতভাবে এ সংক্রান্ত বিলে পার্লামেন্টে অনুমোদনের পর সেদিনই এতে স্বাক্ষর করেন চীনা প্রেসিডেন্ট। এই আইনে রাষ্ট্রদ্রোহ, বিধ্বংসী ও সন্ত্রাসবাদী কার্যকলাপ অথবা বিদেশি রাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে চলা নিষিদ্ধ করা হয়েছে। পুলিশের কাছে ঢালাও ক্ষমতা দেওয়া হয়েছে। কোনো ওয়ারেন্ট ছাড়া তারা তল্লাশি করতে পারবে, সামাজিক মাধ্যম থেকে যে কোনো মেসেজ ডিলিট করতে পারবে এবং গ্রেফতার করতে পারবে। জিমি লাইয়ের মালিকানাধীন অ্যাপল ডেইলিয়ের প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৭টার দিকে ১০ পুলিশ সদস্য ৭২ বছর বয়সি লাইয়ের বাড়িতে প্রবেশ করেন। এরপর তার সদর দফতরে তল্লাশি চালানো হয় এবং তা আবার সরাসরি সম্প্রচারও করা হয়। জিমি লাইয়ের নেক্সট মিডিয়া গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী মার্ক সাইমন জানিয়েছেন, বিদেশি শক্তির সঙ্গে হাত মেলানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। জাতীয় নিরাপত্তা আইনে এখন পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে লাই হলেন সবচেয়ে হাই প্রোফাইল। পুলিশ জানিয়েছে, জাতীয় নিরাপত্তা আইনে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বয়স ৩৯ থেকে ৭২ বছরের মধ্যে।