গুপ্তচরবৃত্তি

ইরানে দুই ব্যক্তির ১০ বছর করে কারাদণ্ড

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২২:০৩

গুপ্তচরবৃত্তির দায়ে ইরান সে দেশের দুই নাগরিককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে। যুক্তরাজ্য, জার্মানি ও ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির জন্য তাদের এ দণ্ড দেওয়া হয়। গতকাল দেশটির পৃথক দুইটি আদালত এই রায় প্রদান করে।

বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেইন ইসমাইলি বলেন, দণ্ডপ্রাপ্তদের মধ্যে এক জনের নাম মাসুদ মোসাহেব। তিনি জার্মানিতে অস্ট্রিয়া ও ইরান সোসাইটির সাধারণ সম্পাদকের ছদ্মবেশে গুপ্তচরবৃত্তি করেন। তার বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ও ন্যানো প্রযুক্তির তথ্য ঐ দেশে পাচার করার অভিযোগ আনা হয়। ২০১৯ সালের জানুয়ারিতে আটকের পর তাকে ইরানের কুখ্যাত এভিন কারাগারে রাখা হয়। দণ্ডপ্রাপ্ত অপর ব্যক্তির নাম শাহরাম শিরখানি। তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তি করেছিলেন। যুক্তরাজ্যের এম-১৬ এজেন্সিতে তিনি ইরানের বেশ কয়েক কর্মকর্তাকে সেখানে নিয়োগ দেওয়ার চেষ্টা করেছিলেন। বিচার বিভাগের মুখপাত্র ইসমাইলি আরো জানান, শিরখানি ইরানের কেন্দ্রীয় ব্যাংক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চুক্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি পাচার করেছিলেন।