সাভারে বিদ্যুতের খুঁটির সঙ্গে ট্রলারের ধাক্কা, দুই যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২২:০৩

সাভারে ট্রলারের সঙ্গে বিদ্যুতের খুঁটির ধাক্কা লাগায় পানিতে লাফিয়ে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নিখোঁজের ১৬ ঘণ্টা পর সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ দাসপাড়া এলাকার একটি বিল থেকে তাদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহতরা হলো—সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ গ্রামের মফিজুদ্দিনের ছেলে সুমন (২০) ও একই এলাকার আতাবুল্লার ছেলে সুমন (২২)।

ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বন্ধুরা মিলে তুরাগ নদে বনভোজন আয়োজনের কথা ছিল। সেই লক্ষ্যে সোমবার বিকালে ছয় বন্ধু মিলে বনভোজনের স্থান দেখে ফেরার সময় হঠাত্ তাদের বহনকারী ট্রলারটির সঙ্গে একটি বৈদ্যুতিক খুঁটির সজোরে ধাক্কা লাগে। এ সময় আতঙ্কে জীবন বাঁচাতে ছয় বন্ধু নদীতে ঝাঁপ দেয়। কিন্তু অন্যরা সাঁতরিয়ে তীরে উঠলেও সুমন নামের দুই যুবক নিখোঁজ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে মঙ্গলবার সকাল ৭টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ এক ঘণ্টা খোঁজাখুঁজির পর সকাল ৮টার দিকে বনগাঁও ইউনিয়নের বেড়াইদ দাসপাড়া এলাকার একটি বিল থেকে সুমনের (২০) লাশ উদ্ধার করা হয়। এরপর সকাল ৮টা ৪০ মিনিটে অপর সুমনের (২২) মৃতদেহটিও উদ্ধার হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন অফিসার মোঃ প্রিন্স জানান, নিহত দুই যুবকের লাশ উদ্ধার করে পুলিশের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।