মধুখালীতে রাতের আঁধারে বিদ্যালয়ের দেওয়াল ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২২:০৪

মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ২৫ নম্বর মীরের কাপাসহাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দার নির্মাণাধীন  দেওয়াল রাতের আঁধারে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরস্বতী রানি শিকদার মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ে এর আগে দুইবার চুরির ঘটনার কারণে নিরাপত্তার স্বার্থে মূল ভবনের বারান্দায় ব্রিক ওয়াল করে নিরাপত্তা বেষ্টনি করার জন্য সোমবার ওয়াল নির্মাণ কাজ শুরু করি এবং গতকাল মঙ্গলবার সকালে অভিভাবক সদস্যের মাধ্যমে জানতে পারি রাতের আঁধারে দুর্বৃত্তরা ওয়াল ভেঙে দিয়েছে। বিষয়টি আমি শিক্ষা অফিসে জানিয়েছি, তারা আমাকে একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দিলে আমি মধুখালী থানায় একটি ডায়েরি করেছি।

বিদ্যালয়ের অভিভাবক সদস্য বাবলু খান বলেন, এর আগেও দুইবার বিদ্যালয়ের তালা ভেঙে চুরি হয়েছে সে বিষয়ে মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি ও অভিযোগ করা হয়েছিল। কিন্তু পুলিশ ঐ ঘটনায় কোনো পদক্ষেপ নিলে আজকের এ ঘটনা ঘটত না।

মধুখালী থানার পরিদর্শক (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, তিনি বিষয়টি প্রধান শিক্ষকের মাধ্যমে জেনে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।

উল্লেখ্য, এর আগে ১ ও ১৩ ফেব্রুয়ারি দুইবার চুরির ঘটনা ঘটেছিল। ঐ দুইবারই মধুখালী থানায় জিডি ও অভিযোগ করা হয়েছিল।