মীর্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত অটোবাইক চালকের মৃত্যু

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২২:০৪

মীর্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অটোবাইক চালক মো. সুলতান গোলদার (২৮) গত সোমবার রাত ১১টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।

মীর্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, গত সোমবার দুপুরে একটি যাত্রীবাহী অটোবাইক উপজেলা সদর সুবিদখালী বন্দর থেকে স্থানীয় মহিষকাটা বাজারে যাচ্ছিল। এসময় পথিমধ্যে উপজেলার ছৈলাবুনিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোবাইকটিকে চাপা দেয়। এতে অটোবাইক চালক মো. সুলতান গোলদার ও চার যাত্রী আহত হন। এদের মধ্যে আহত চার যাত্রীকে মীর্জাগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয় এবং গুরুতর আহত অটোবাইক চালক মো. সুলতান গোলদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় গত সোমবার রাত ১১টায় তিনি মারা যান। নিহত অটোবাইক চালক মো. সুলতান গোলদার উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের আনেচ গোলদারের ছেলে।

এব্যাপারে মীর্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চালক মো. শাওন সর্দারসহ মালবাহী ট্রাকটি আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার ট্রাকচালক মো. শাওন সর্দারকে মীর্জাগঞ্জ উপজেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

যশোরে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল

আরোহী নিহত

যশোর অফিস জানান, যশোরের ঝিকরগাছায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৩টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছার বেনেয়ালি গ্রামের গির্জার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মোটরসাইকেল চালক যশোর শহরের সার্কিট হাউজপাড়া এলাকার মাহবুবুল হকের ছেলে কাজী মুশফিক মাহবুুব প্রিয় (২৫) ও আরোহী যশোর শহরের মিশনপাড়া এলাকার দিলীপ দাসের ছেলে কাব্য দাস (৩০)।