চট্টগ্রামে মোটরসাইকেল চোর চক্রের চার সদস্য গ্রেফতার

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২২:০৫

নগরীর বায়েজিদ এলাকাসহ বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করে গ্রাম এলাকায় বিক্রির অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৮ আগস্ট থেকে টানা তিন দিন চট্টগ্রাম নগর, বাঁশখালী ও চকরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেফতাকৃতরা হলেন মো. আব্দুল হাকিম ওরফে ড্রাইভার হাকিম, মো. ইউনুস, মো. জসিম উদ্দিন ও মো. তানভির। তাদের বাড়ি চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (বায়েজিদ জোন) পরিত্রাণ তালুকদার জানান, ২ আগস্ট বায়েজিদ এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। অভিযোগ তদন্ত করতে গিয়ে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়। পরে চট্টগ্রাম নগর, বাঁশখালী ও চকরিয়া এলাকায় টানা তিন দিন অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এই চক্র নগরীর আরো বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করেছে। তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে বলে জানান তিনি।