নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অনুমোদনহীন কারখানায় অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃতের নাম মজিবুর রহমান (৫০)। সোমবার সন্ধ্যায় র্যাব-১১ উপজেলার সাদিপুর ইউনিয়নের সাদিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানায় ভেজাল ও মানহীন খাদ্য পানীয় তৈরির সময় হাতেনাতে তাকে গ্রেফতার করে। এ সময় কারখানায় তৈরি অবস্থায় ১০০ মিলি লিটার ওজনের ১ হাজার ২৯৬ বোতল অরেঞ্জ ফ্লেভার ড্রিংক, ১০০ মিলি লিটার ওজনের ১ হাজার ৫১২ বোতল লিচি ফ্লেভার ড্রিংক, ১০০ মিলি লিটার ওজনের ১ হাজার ১৫২ বোতল লাচ্ছি এডেড মিল্ক, চার কেজি সাইট্রিক এসিড, চার কেজি তরল ম্যাংগো ফ্লেভার, দুই কেজি পটাসিয়াম সালফেট এবং ভেজাল ও মানহীন খাদ্য পানীয় বোঝাই একটি মিনি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়। অভিযানের সময় কারখানার এমডি মো. রশিদ আলী ও কারখানার ম্যানেজার মো. সুজন মাহমুদ কৌশলে পালিয়ে যান।
গতকাল মঙ্গলবার দুপুরে র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার (সিপিএসসি আদমজীনগর) মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
