জকিগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২২:০৬

পকেটের টাকা ও শরীরের ঘামে নিজেদের একটি কর্দমাক্ত রাস্তা মেরামত করেছে সিলেটের জকিগঞ্জের ৪ নম্বর খলাছড়া ইউনিয়নে উওর নোয়াগ্রামের যুবসমাজ। ৭ নম্বর ওয়ার্ডের উত্তর নোয়াগ্রামের চলাচল অযোগ্য এই রাস্তার সংস্কার কাজ করার মাধ্যমে তারা পাশে দাঁড়াল গ্রামবাসীর। যুবকদের কাজে সহযোগিতা করেন বয়োজ্যেষ্ঠরাও।

উত্তর নোয়াগ্রামের কুয়েত প্রবাসী তাজউদ্দিন জানান, গ্রামের প্রধান এই রাস্তাটি দীর্ঘদিন ধরে বিধ্বস্ত। উত্তর নোয়াগ্রাম ছাড়াও তেরাপুর, আনন্দপুর, হাইদ্রাবন্দ গোপীরচকসহ আশপাশের লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। রাস্তাটি কর্দমাক্ত হওয়ায় হাটবাজার, স্কুল-কলেজ, হাসপাতাল ও জমি চাষের জন্য হাওরে যাতায়াতে কষ্ট করেন এলাকাবাসী। বিষয়টি ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারের দৃষ্টিগোচর করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে গ্রামের একদল তরুণের উদ্যোগে রাস্তাটি সংস্কার করে চলাচল উপযোগী করা হয়। গ্রামের ৩০-৩৫ জন যুবক সপ্তাহখানেক সকাল-বিকাল কাজ করেন রাস্তায়। জকিগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সঙ্গে সংযুক্ত এই রাস্তাটির প্রায় ৭০০ ফুট মেরামত করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন গ্রামের যুবকরা। ইউপি চেয়ারম্যান কবির আহমদ রাস্তা মেরামত কাজের প্রশংসা করে বলেন, বরাদ্দের অভাবে কাজটি সময়মতো করা সম্ভব হয়নি।