শেরপুরে স্কুলছাত্রীর অশ্লীল ছবি ও ভিডিওচিত্র ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২২:০৬

বগুড়ার শেরপুরে প্রেমের সম্পর্ক গড়ে স্কুলছাত্রীর অশ্লীল ছবি ও ভিডিওচিত্র ধারণের পর তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. মিনহাজ ইসলাম (১৯)। সে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গত সোমবার দিনগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ঐ এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা একই ইউনিয়নের কানাইকান্দর গ্রামের আব্দুল আলীম বাদী হয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। মামলায় কথিত বখাটে প্রেমিক মিনহাজসহ অজ্ঞাতনামা আরো দুই-তিন জনকে আসামি করা হয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়েই বখাটে ঐ যুবককে ধরতে পুলিশ অভিযানে নামে এবং তাকে ধরতে সক্ষম হয়। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা নেওয়া হয়েছে। গ্রেফতারকৃতকে গতকাল মঙ্গলবার দুপুরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।