যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউজের পাশে গুলির পর সংবাদ সম্মেলন থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়। তবে আবার তিনি ফিরে আসেন এবং তার বক্তব্য দেন। সোমবার এই ঘটনা ঘটে। সিক্রেট সার্ভিসের গুলিতে আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিবিসির
সংবাদ সম্মেলনে কথার মধ্যেই হঠাত্ তার নিরাপত্তারক্ষীদের একজন মঞ্চে উঠে আসেন। ফিসফিস করে ডোনাল্ড ট্রাম্পের কানে কিছু একটা বললেন। এরপরই সংবাদ সম্মেলন থেকে হঠাত্ করে সরিয়ে নিয়ে যান সিক্রেট সার্ভিসের এজেন্টরা। ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘কী হয়েছে? এর পর পুরো হোয়াইট হাউজ লকডাউন করে দেওয়া হয়। সব প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়। ঘটনার বৃত্তান্ত জানা যায় ৯ মিনিটের মাথায় যখন সংবাদ সম্মেলনে ফিরে আসেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে আসা সাংবাদিকদের তিনি বলেন, আমি যতদূর বুঝলাম, সিক্রেট সার্ভিসের সদস্যরা হোয়াইট হাউজের পাশে অস্ত্রধারী কাউকে গুলি করেছে। তিনি জানান, কাউকে হাসপাতালে নেওয়া হচ্ছে। সব কিছু এখন নিয়ন্ত্রণে আছে। তবে যাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তার অবস্থা সম্পর্কে তিনি জানেন না।
সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে পরে এক টুইট বার্তায় জানানো হয়, সিক্রেট সার্ভিস নিশ্চিত করছে যে একটি গুলির ঘটনা ঘটেছে। একজন পুরুষ সন্দেহভাজন এবং সিক্রেট সার্ভিসের একজন সদস্য দুই জনকেই হাসপাতালে নেওয়া হয়েছে। সিক্রেট সার্ভিস নিশ্চিত করছে যে হোয়াইট হাউজের কমপ্লেক্সে কেউ প্রবেশ করতে পারেনি। ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলছেন, ঐ সন্দেহভাজন তার প্রতি কোনো খারাপ মনোভাব পোষণ করেন কি না সেটা তিনি জানেন না।
‘আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নাও থাকতে পারে’, সাংবাদিকদের ট্রাম্প বলেন, একজন সাংবাদিক ট্রাম্পকে জিজ্ঞাসা করেন তিনি ভয় পেয়ে গিয়েছিলেন কি না। জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ভয় পেয়েছি? সংবাদ সম্মেলনটি ঠিক কি নিয়ে সে সম্পর্কে পরিষ্কার বোঝা না গেলেও আলোচনার বিষয় ঘটনার পর পুরোটা ঘুরে যায়। ট্রাম্প সাংবাদিকদের জানান, কিছুক্ষণের জন্য তাকে তার কার্যালয় ‘ওভাল অফিসে’ নিয়ে যাওয়া হয়েছিল। শহরের জরুরি বিভাগ জানিয়েছে, গুলিতে আহত ব্যক্তির অবস্থা সংকটাপন্ন।
