করোনা পরিস্থিতির ওপর সর্বশেষ তথ্য-উপাত্ত সংবলিত স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নিয়মিত বুলেটিন আর প্রচার করা হবে না। আজ বুধবার থেকে এই বুলেটিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক নির্দেশে করোনা বিষয়ে নিয়মিত এই বুলেটিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত রয়েছেন। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানান, নিয়মিত বুলেটিন বন্ধ থাকলেও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মিডিয়াকে করোনা পরিস্থিতির বিষয়ে আপডেট জানানো হবে।
গত মার্চ মাসে দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। রোগীর সন্ধান পাওয়ার পর থেকে প্রতিদিন গণমাধ্যমে ব্রিফিং করত আইইডিসিআর। প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা তখন করোনা বিষয়ক সব তথ্য দিতেন। সেই সময় করোনা বিষয়ক ব্রিফিংয়ে উপস্থাপিত তথ্য-উপাত্ত দেশের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। ঐ ব্রিফিংয়ে সাংবাদিকরা উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করারও সুযোগ পেত। কিন্তু পরবর্তীকালে করোনা ভাইরাস সংক্রমণে রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে করোনা পরিস্থিতির ওপর সর্বশেষ তথ্য দেশবাসীকে জানানো হতো। গত ৭ এপ্রিল থেকে করোনা বিষয়ক ব্রিফিংয়ে সাংবাদিকদের থেকে প্রশ্ন নেওয়া বাদ দিয়ে তাকে বুলেটিন নাম দেওয়া হয়। সেদিন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানিয়েছিলেন, নিয়মিত ব্রিফিং হিসেবে প্রচার না করে তারা একে স্বাস্থ্য বুলেটিন হিসেবে প্রচার করবেন। সবার সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়ে তিনি বলেছিলেন, ‘এর পরে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব আর হবে না।’ এরপর গত চার মাস ধরে এভাবেই করোনা পরিস্থিতির ওপর দেশ-বিদেশের সর্বশেষ তথ্য-উপাত্ত নিয়ে বুলেটিন প্রচার করত স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। গতকাল তিনি বলেন, ব্রিফিং বন্ধ হলেও তথ্য প্রবাহে কোনো অসুবিধা হবে না। বুধবার থেকে এই অনলাইন ব্রিফিংটি আর হবে না। তবে যথারীতি প্রেস রিলিজ সবাইকে পাঠিয়ে দেওয়া হবে। আপনারা সব তথ্যই জানতে পারবেন। তথ্য প্রবাহে কোনো অসুবিধা হবে না। তথ্য নিয়মিতভাবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হবে।
