মেহেরপুর ও হরিণাকুণ্ডুতে করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু

আপডেট : ১১ আগস্ট ২০২০, ২৩:০৪

মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে মকলেছুর রহমান (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মকলেছুর রহমান মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা। মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. রফিকুল ইসলাম জানান, মকলেছুর রহমান সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সকালে হাসপাতালের আইসোলেশনের ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। দুপুরে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এছাড়া করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

এদিকে হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, হরিণাকুণ্ডুতে করোনা উপসর্গ নিয়ে শরাফত হোসেন (৬৮) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। শরাফত হোসেন উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি হরিণাকুণ্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনের চাচা। ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আব্দুল হামিদ খান জানান, ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথের নির্দেশে রাতেই স্বাস্থ্যবিধি মেনে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় হরিনাকুণ্ডু উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. হানিফের নেতৃত্বে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।