বিচারব্যবস্থার সমালোচনা করে বিপুল অঙ্কের জরিমানা দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছেন সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউয়ের নাতি লি সেং উ। সম্পর্কে লি সেং এই নগররাষ্ট্রটির বর্তমান প্রধানমন্ত্রীর ভাইপোও বটে। অধ্যাপনা করেছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটিতে। ২০১৭ সালে তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন সিঙ্গাপুরের বর্তমান বিচারব্যবস্থা ‘নমনীয়’। এছাড়া সরকারের সমালোচনা করে লেখেন, ‘মামলাবাজ’ সরকার।
মজার ব্যাপার হচ্ছে—ফেসবুকের সেই পোস্টের জন্য সত্যই তাকে মামলার মুখোমুখি হতে হয়েছে। আর সেই মামলার রায়ে দেশটির হাইকোর্ট তাকে ১৫ হাজার সিঙ্গাপুরি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৯ লাখ টাকা) জরিমানা করেছে। তবে এই জরিমানা আদায় না হলে তাকে এক সপ্তাহের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত তার আদেশে বলেছে।
এত টাকার জরিমানা অনাদায়ে মাত্র সাত দিনের কারাদণ্ড হয়তো অনেকেই মেনে নেবেন। কিন্তু লি সেং বলেছেন জরিমানাই দেবেন। তিনি দোষ স্বীকারও করেননি। তিনি বলেছেন, মানুষ হিসেবে ব্যক্তিগত মতামত প্রকাশ করার স্বাধীনতা তার আছে। তবে তার কাছ থেকে জরিমানা নিয়ে যদি সরকার কিছুটা আত্মতৃপ্তি পায় তবে সেটাই হোক। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার মধ্য দিয়ে তাদের পারিবারিক বিবাদটা প্রকাশ্যে চলে এলো।—এনডিটিভি
