কর্ণফুলি, কর্ণফুলি
কাটছে কেমন দিন,
দিনে দিনে জানি কেবল
বাড়ছে পলিথিন।
ছলছলানি বুকের ওপর
বইছে কালো পানি,
পলিথিনে খাচ্ছে গিলে
তোর পরানখানি।
জোছনা রাতে আগের মতো
আর লাগে না ফরসা,
বেজার মুখে বসে আছে
বৃষ্টি নামের বর্ষা।
টুকটুকে লাল শাড়ি পরে
কেউ তো নামে না,
মেঘ বলেছে, রাগ করেছে—
তারাও থামে না।
তলপেটের ঐ কান্না শুনি
ড্রেজার যখন হাতড়ায়,
ফুলপাখির সঙ্গে আরো
নুরু মাঝি কাতরায়।
নকশা আঁকা বক্ষে তোর
বইছে দুখের অগ্নি,
আর কত দিন কাঁদবে বল
বর্ষা নামের ভগ্নি?
