কম্পিউটার চুরির ঘটনায় বশেমুরবিপ্রবির ১৯ প্রহরীকে নোটিশ

আপডেট : ১২ আগস্ট ২০২০, ২১:৪৯

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) গ্রন্থাগার থেকে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনায় ১৯ প্রহরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দায়িত্বে অবহেলার জন্য তাদের এ নোটিশ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানা যায়। নোটিশে ঐ ১৯ কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক শাস্তিমূলক ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, তা তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গঠিত সাত সদস্যের তদন্ত দল কাজ করে যাচ্ছে বলে জানান, রেজিস্ট্রার ও তদন্ত দলের সদস্যসচিব অধ্যাপক ড. মো. নূরউদ্দিন আহমেদ। এদিকে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, মামলার তদন্তের কাজ চলছে। তদন্তের কাজ গোপনীয় বিষয়, তাই এখন কিছু বলা যাচ্ছে না।